মুক্তির আগেই ১৭৫ কোটি রুপিতে ‘কিং’-এর আন্তর্জাতিক স্বত্ব বিক্রি
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে নতুন রেকর্ড গড়েছে বলিউড তারকা শাহরুখ খান অভিনীত সিনেমা ‘কিং’। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে। ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্ব বিক্রির ক্ষেত্রে এটিকে নতুন রেকর্ড হিসেবে উল্লেখ করা হচ্ছে।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছ থেকে ১৮ মিলিয়ন ডলারের বিনিময়ে ‘কিং’-এর আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব কিনে নিয়েছে ফারাস ফিল্মস। ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম বিদেশি পরিবেশনা স্বত্বের মূল্য ১০০ কোটি রুপির সীমা ছাড়াল।
এর আগে শাহরুখ খানের সিনেমাগুলোর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। তবে এবার সেই দায়িত্ব পেয়েছে ফারাস ফিল্মস। এর আগে প্রভাস অভিনীত ‘সাহো’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশনাও করেছিল প্রতিষ্ঠানটি।
বড় অঙ্কের এই চুক্তির মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে শাহরুখের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ছবিটির সামনে রয়েছে বড় বাণিজ্যিক লক্ষ্য। আন্তর্জাতিক বক্স অফিসে ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি আয় করতে পারলে আগের দুই ব্যবসাসফল সিনেমার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর কয়েক বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন শাহরুখ খান। তবে ২০২৩ সালে ‘পাঠান’ দিয়ে প্রত্যাবর্তনের পর একই বছর ‘জওয়ান’ সিনেমার সাফল্যের মধ্য দিয়ে আবারও বক্স অফিসে নিজের অবস্থান শক্ত করেন তিনি।
‘পাঠান’ ও ‘জওয়ান’—দুটি সিনেমাই আন্তর্জাতিক বাজারে প্রায় ৪০০ কোটি রুপির কাছাকাছি ব্যবসা করেছিল। ফলে ‘কিং’ নিয়ে শাহরুখের এবারের লক্ষ্য নিজের আগের সাফল্যকে ছাড়িয়ে যাওয়া। আন্তর্জাতিক বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে এবার নিজের সিনেমার সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাঁকে।
‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’-এর পর এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করছেন শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দ।
সিনেমাটিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ আরও অনেকে।
আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির আগেই আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রির এই সাফল্য ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
১৪১ বার পড়া হয়েছে