১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু কাল
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের ১৩টি সিটি করপোরেশনে আগামীকাল সোমবার থেকে ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। নতুন বিধিমালা অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম চালু করা হবে।
ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে সম্প্রতি প্রণীত বিধিমালা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে ই-রিকশা তৈরি করতে হবে। প্রাথমিক পর্যায়ে চালকদের লাইসেন্সের প্রয়োজন হবে না। নিবন্ধন কার্যক্রম একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছালে চালকদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
বিধিমালা অনুযায়ী, ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার। তবে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সামনের সড়কে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিতে চলতে পারবে এসব যান। প্রতিটি ই-রিকশায় স্পিডোমিটার থাকা বাধ্যতামূলক। এ ছাড়া যাত্রী বহনের সর্বোচ্চ সক্ষমতা হবে চারজন।
নতুন নিয়মে মহাসড়ক, সড়ক, ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়েতে ই-রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এসব এলাকার বাইরে কোন কোন সড়কে ই-রিকশা চলতে পারবে, তা ট্রাফিক পুলিশ, সিটি করপোরেশন, পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। একইভাবে প্রতিটি এলাকায় ই-রিকশার সংখ্যা কত হবে, সেই সিদ্ধান্তও নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ই-রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার স্টেশনে সৌরবিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। নতুন ব্যাটারি কেনার ক্ষেত্রে দোকানে পুরোনো ব্যাটারি জমা দেওয়ার নিয়মও রাখা হয়েছে। পরে নির্ধারিত স্থানে এসব পুরোনো ব্যাটারি পুনর্ব্যবহারের উপযোগী করা হবে।
বিধিমালায় অঞ্চলভেদে ই-রিকশার রং আলাদা রাখার কথা বলা হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনকে আটটি জোনে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য নির্দিষ্ট রং নির্ধারণ করা হবে। প্রতিটি ই-রিকশার নির্ধারিত আয়ুষ্কাল হবে ১২ বছর।
নতুন বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী বহনে সক্ষম ই-রিকশার নিবন্ধন ফি আট হাজার টাকা। এক বছর পর এর নবায়ন ফি দিতে হবে চার হাজার টাকা।
অন্যদিকে, চার যাত্রী বহনে সক্ষম ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ই-রিকশার কিউআর কোডের জন্য সংশ্লিষ্ট সিটি করপোরেশন এক হাজার টাকা ফি নিতে পারবে।
বর্তমানে যারা রিকশা চালাচ্ছেন, তাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যমান রিকশাগুলো পর্যায়ক্রমে বুয়েটের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী উন্নীত করে নিবন্ধন করা যাবে।
ধীরে ধীরে এই প্রক্রিয়ার মাধ্যমে দেশে ই-রিকশা চলাচলব্যবস্থা কার্যকর করা হবে বলে জানান তিনি।
১২৫ বার পড়া হয়েছে