নারী: মরলে আফসোস! আর বিলাপ
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নারীর প্রতি সমাজের দ্বিচারিতা, নির্যাতন সহ্য করার প্রত্যাশা এবং প্রতিবাদ করলে অপমানিত হওয়ার বাস্তবতা নিয়ে লেখা ‘নারী: মরলে আফসোস, আর বিলাপ’ কবিতায় উঠে এসেছে নারীর অধিকার, সম্মান, স্বাধীনতা ও বেঁচে থাকার আকাঙ্ক্ষা। কবি লাকি জাদু তাঁর লেখায় জীবিত নারীর প্রতি অবহেলা এবং মৃত্যুর পর সমাজের লোকদেখানো শোকের চিত্র তুলে ধরেছেন।
এদেশে নারী সহ্য করলে ভালো,
মুখ বুজে কাটালে জীবন আলো!
অত্যাচার সয়ে সংসার টানলে,
সমাজ বলে—নারী গুণবতী হলে!
প্রতিবাদ করলে বেয়াদব তার নাম,
অধিকার চাইলে বাড়ে অপমান।
ডিভোর্স দিলে বেশ্যা, চরিত্রহীন,
সমাজের চোখে সে বড়ই মলিন!
স্বামীর ঘরে ফিরলে বলে—সহ্য করো,
মরে গেলেও সংসারের মান রেখো!
বাঁচার অধিকার চাইলে দোষ তারই,
ভাঙা সম্পর্ক জোড়া লাগানো দায়িত্ব তারই!
মেরে ফেললে কিছুদিন কান্নার ঢেউ,
বিলাপ করে বলে—কী হলো রে, কেউ?
তারপর শুরু কটাক্ষের পালা,
নিশ্চয়ই নারীর ছিল কোনো জ্বালা!
মৃত্যুর পর ফুল, চোখে জলের ধারা,
বেঁচে থাকতে কেন ছিল না সহমর্মিতা, সারা?
যে নারী বাঁচতে চেয়েছিল সম্মান নিয়ে,
তাকে কেন ঠেলে দিলে অন্ধকারের দিকে?
কী অদ্ভুত সমাজের বিচার, কী নির্মম তার রীতি, নারীর নীরবতায় বাহবা, প্রতিবাদে দুর্নাম জোটে নিতি!
নারী মানুষ—কোনো সহ্যের যন্ত্র নয়,
তারও সম্মান, স্বপ্ন, স্বাধীনতা ও বাঁচার অধিকার রয়।
১৬৮ বার পড়া হয়েছে