বাংলাদেশে তেলের দাম এখনো কম: রিজভী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে জ্বালানি কিনতে সরকারের ব্যয় বাড়লেও মূল্য সমন্বয়ের পরও ভর্তুকি ও লোকসান বহন করতে হচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতেও সরকার জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। সম্প্রতি দাম সমন্বয় করা হলেও জ্বালানি খাতে সরকারকে বড় অঙ্কের লোকসান বহন করতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
জ্বালানি তেলের ব্যয়ের হিসাব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, প্রতি লিটার ডিজেল কিনতে প্রায় ২৫০ টাকা ব্যয় হচ্ছে। মূল্য সমন্বয়ের পরও প্রতি লিটারে প্রায় ৭০ টাকা লোকসান থাকবে বলে জানান তিনি। জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী।
সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। নতুন দামে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে জ্বালানি সংকটকে কেন্দ্র করে দেশে কৃত্রিম অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন রিজভী। তাঁর দাবি, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা দেখা যাচ্ছে। এর পেছনে ‘পতিত স্বৈরাচারের’ যোগসাজশ থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তাঁর ভাষ্য, বিরোধীদের কাছ থেকে বাস্তবসম্মত সমাধান প্রত্যাশা করা হয়েছিল। তবে লংমার্চের নামে সরকার ও বিএনপির বিরুদ্ধে যে ধরনের কটূ ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়।
প্রশাসনের ভেতরে থাকা একটি অংশের ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করেন রিজভী। তিনি অভিযোগ করেন, প্রশাসনের অভ্যন্তরে থাকা ফ্যাসিবাদের দোসররা নাশকতা বা স্যাবোটেজের চেষ্টা চালাতে পারে। গোপনে কেউ পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
১২৪ বার পড়া হয়েছে