১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ বিষয়ে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে কনসেশন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তির আওতায় সরকার অগ্রিম পাবে ৮১ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা। এ ছাড়া যাত্রী ও কার্গো পরিবহনের রাজস্ব থেকেও নির্ধারিত অংশ পাবে বাংলাদেশ।
সোমবার (২৩ নভেম্বর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সুমিতোমো করপোরেশনের নেতৃত্বাধীন জাপানি কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন, নিপ্পন কোয়েই ও সোজিতজ করপোরেশনসহ দেশটির বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে এ চুক্তি বাস্তবায়ন করা হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, যাত্রী পরিবহনের মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ মার্কিন ডলার পাবে বাংলাদেশ। অন্যদিকে কার্গো পরিবহনের মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি মেট্রিক টনে ১১ দশমিক ৫ ডলার পাবে সরকার। এ ছাড়া এমবারকেশন ফি হিসেবে ১২ দশমিক ৫ ডলার দেওয়ার শর্ত রাখা হয়েছে। বর্তমানে এ ফি স্থানীয় মুদ্রায় ৫০০ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে জাপানি কনসোর্টিয়াম আর্থিক প্রস্তাব জমা দেওয়ার পর ইনভেস্ট বাংলাদেশ তা যাচাই-বাছাই করে। এরপর দর-কষাকষির মাধ্যমে প্রস্তাবটি চূড়ান্ত করা হয়। প্রস্তাবিত চুক্তিটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং এবং অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নেওয়ার পর চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
চুক্তিতে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার বিষয়েও শর্ত রয়েছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রকল্প হস্তান্তরের পরবর্তী ১৪ মাসের মধ্যে তৃতীয় টার্মিনালের পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম চালু করতে হবে।
তবে চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী, তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। একই সঙ্গে চুক্তির ১৫ বছর মেয়াদে শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর চালু করা যাবে না।
অবশ্য হজ ফ্লাইট, চার্টার্ড ফ্লাইট, কম খরচের বিমান সংস্থা বা বাজেট এয়ারলাইনস এবং অভ্যন্তরীণ রুটের ফ্লাইট প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকেই পরিচালিত হবে।
বেবিচকের তথ্য অনুযায়ী, বর্তমানে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা প্রায় ৮০ লাখ। তৃতীয় টার্মিনাল চালু হলে এর সঙ্গে আরও ১ কোটি ২০ লাখ যাত্রী পরিচালনার সক্ষমতা যুক্ত হবে। ফলে বিমানবন্দরটির মোট যাত্রী পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা। ২০১৬ সালের ১ জুলাই প্রকল্পটির কাজ শুরু হয়। এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।
১০৬ বার পড়া হয়েছে