সর্বশেষ

রাজনীতি

লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি ব্রিফিং

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আজ রোববার যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরছেন। বিকেল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের জরুরি ব্রিফিং করবেন তিনি।

যুক্তরাজ্য সফর শেষে আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে দেশে ফিরছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। দেশে ফেরার পর বিমানবন্দরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলার পার্কিং এলাকায় এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীকাল সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়েছে এনসিপি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়ে আগামীকাল তাঁর সঙ্গে বৈঠকে বসবে দলটির একটি প্রতিনিধিদল।

দুপুরে অনুষ্ঠেয় ওই বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেওয়ার কথা রয়েছে। তবে প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম নাহিদ ইসলাম দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সেই সংলাপ শুরু হতে যাচ্ছে। এরপর জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০