ধোবাউড়ায় ১০২ বোতল ভারতীয় মদসহ দুই ভাই গ্রেপ্তার
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ২:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ধোবাউড়ায় বসতঘরে অভিযান চালিয়ে ১০২ বোতল ভারতীয় মদ ও বিয়ারসহ সহোদর দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই ভাই হলেন ভেদীকুড়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে আজিজুল হক (২৩) ও হাবিল (২৮)।
সোমবার বিকেলে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানা পুলিশ জানতে পারে, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ ভারতীয় মদ মজুত রাখা হয়েছে। খবর পেয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানে উপপরিদর্শক (এসআই) হারুন, এসআই আজিজুল হাসানসহ পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় আজিজুল হকের বসতঘরের মাচার নিচে রাখা আটটি বস্তা থেকে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অন্যদিকে, হাবিলের বসতঘরের সামনের লাকড়ির নিচে রাখা দুটি বস্তা থেকে আরও ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এ ছাড়া হাবিলের দেখানো মতে, একটি বস্তা থেকে ছয় বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে ১০২ বোতল মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব মাদকের বাজারমূল্য ৪ লাখ ২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে।
১০৬ বার পড়া হয়েছে