ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, আহত ৫
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ২:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের আয়োজিত বিক্ষোভ মিছিলে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন সাঁড়া ইউনিয়নের পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং মহিদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সেখানে হামলা চালায় এবং গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন।
আহত ব্যক্তিদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।
১০৭ বার পড়া হয়েছে