হালুয়াঘাটে ৩০ প্রতিষ্ঠানে ৪৫ লাখ টাকার অনুদান দিল জেলা পরিষদ
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ২:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ৩০টি প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে ৪৫ লাখ টাকার অনুদান দিয়েছে ময়মনসিংহ জেলা পরিষদ। এ ছাড়া পাঁচজনকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী সরকারি সফরে এসব কার্যক্রম পরিচালনা করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সোমবার দুপুরে হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ৩০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের প্রথম কিস্তির চেক তুলে দেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ২০২৫-২৬ অর্থবছরে ময়মনসিংহ জেলা পরিষদের রাজস্ব, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সাধারণ ও বিশেষ বরাদ্দের তহবিল থেকে এসব অর্থ দেওয়া হয়েছে।
ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি হাতেম আলী, পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সুভাষ সাহা এবং প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ অন্যরা।
অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমে জনস্বার্থ ও স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। প্রত্যন্ত ও অনগ্রসর এলাকার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করতে হবে। জেলা পরিষদের কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে এসে উন্নয়ন প্রকল্পের বরাদ্দের চেক হস্তান্তর করা হচ্ছে। পাশাপাশি প্রকল্পের দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন, স্বচ্ছতা, জবাবদিহি এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দের অর্থ সঠিকভাবে ও সর্বোচ্চ কার্যকর উপায়ে ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সরকারি সফরকালে ক্যানসার, কিডনি ও লিভারের জটিল রোগে আক্রান্ত ব্যক্তিসহ পাঁচজনকে ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
সোমবার সকালে হালুয়াঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অগ্রাধিকারগুলো বাস্তবায়নের পাশাপাশি জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পগুলোর নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, শুধু প্রকল্প বাস্তবায়নই লক্ষ্য নয়, মানুষের জীবনমানের পরিবর্তন ঘটানোই মূল উদ্দেশ্য। জেলা পরিষদকে একটি গতিশীল, জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়, চলমান প্রকল্পের নিয়মিত তদারকি, বেদখল সম্পদ উদ্ধার এবং জেলা পরিষদের আয় বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রাণেশ কুমার পণ্ডিতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া হালুয়াঘাটে জেলা পরিষদের বিভিন্ন সম্পদ ও জমি পরিদর্শন করেন প্রশাসক। এসব সম্পদ ও জমিতে ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান তিনি।
দিনের শেষ ভাগে হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সভায় হালুয়াঘাটে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।
এ সময় ভারতের বিভিন্ন সীমান্তে আওয়ামী লীগের নেতাদের তৎপরতার প্রতিবাদ জানিয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ভারতে অবস্থান করে সীমান্তে বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা রাষ্ট্রদ্রোহের শামিল। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ব্যক্তিদের এ ধরনের তৎপরতা প্রতিরোধ করতে হবে।
তিনি প্রশ্ন তুলে বলেন, পালাতক ও দণ্ডিত আওয়ামী লীগের নেতারা ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কেন্দ্রে কী উদ্দেশ্যে গিয়েছিলেন এবং কার সঙ্গে বৈঠক করেছেন, সে বিষয়ে ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া প্রয়োজন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, বাংলাদেশ কোনো দেশের সঙ্গে শত্রুতা চায় না। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা ও জনগণের মর্যাদার প্রশ্নে কোনো আপস করা যাবে না। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ভিত্তিতে।
মতবিনিময় সভায় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায়, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নাশকতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার কথাও বলেন।
সভায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর এবং পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ স্থানীয় নেতারা।
১০৬ বার পড়া হয়েছে