কুয়াকাটায় মঙ্গলঘট পূরণের মধ্য দিয়ে শুরু রাস উৎসব
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় গঙ্গাবরণ বা মঙ্গলঘট পূরণের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূজার আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে কুয়াকাটা সমুদ্রসৈকতে সমবেত হয়েছেন হাজারো পুণ্যার্থী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজার মধ্য দিয়ে রাতভর চলবে উৎসব।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্টসংলগ্ন সমুদ্রে পূজার্চনার মধ্য দিয়ে রাস পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় তেল, সিঁদুর, ফুল, তুলসীপাতা, বেলপাতা ও ধূপ-দীপ দিয়ে পূজা শেষে সমুদ্রের পানি দিয়ে মঙ্গলঘট পূর্ণ করা হয়।
পরে মঙ্গলঘটটি সৈকতসংলগ্ন কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে স্থাপন করা হয়। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে পুরো সৈকত এলাকা।
আয়োজনে রাতভর থাকছে ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্তন ও পূজার্চনা। আগামীকাল ভোর পাঁচটায় সমুদ্রসৈকতে গঙ্গাস্নান বা পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের পূজার আনুষ্ঠানিকতা।
রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ইতিমধ্যে হাজারো পুণ্যার্থীর সমাগম ঘটেছে। উৎসবকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে তৎপর রয়েছেন তিন শতাধিক পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করেই রাস উৎসবের প্রচলন হয়। সেই বিশ্বাস ও ধর্মীয় ঐতিহ্য অনুসরণ করে প্রায় আড়াইশ বছর ধরে কুয়াকাটায় উদযাপিত হয়ে আসছে এই উৎসব।
১০৫ বার পড়া হয়েছে