মেলান্দহে দুই অবৈধ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ২:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি ইটভাটার চুল্লিতে জ্বলতে থাকা আগুন ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে নিভিয়ে দেওয়া হয়।
জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা। এ সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস।
অভিযানে উপজেলার দুটি জিগজ্যাগ ইটভাটা—চারাইলদার এলাকার মেসার্স ই এল টি ব্রিকস এবং মাহমুদপুর এলাকার মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ ছাড়া মেসার্স ই এল টি ব্রিকসের চুল্লিতে আগুন জ্বলতে থাকায় ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পানি ছিটিয়ে দেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসিসহ অধিদপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন মেলান্দহ থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
ফজলে এলাহী মাকাম
১০৫ বার পড়া হয়েছে