লালমাটিয়া থেকে সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ। তিনি জানান, গ্রেপ্তারের পর আজিজুল ইসলামকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজিজুল ইসলামের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।
কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন আজিজুল ইসলাম। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।
১০৫ বার পড়া হয়েছে