সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহ মুক্ত দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দিবসগুলো পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, উপকমিটি গঠন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি, দায়িত্ব বণ্টন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ জাতীয় দিবসগুলো যথাযথভাবে উদযাপনে আয়োজকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বিভিন্ন সংগঠন ও অংশগ্রহণকারীদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়ে উপকমিটি গঠনের মাধ্যমে সমন্বিতভাবে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে আসন্ন আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতন করতে এসব দিবস উদযাপনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় জানানো হয়, আগামী ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে টাউন হল পর্যন্ত র‌্যালি আয়োজন করা হবে। র‌্যালি শেষে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দিবসটির গুরুত্ব ও ময়মনসিংহের মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন স্থানে ব্যানার স্থাপন এবং সিটি করপোরেশনের ডিজিটাল ডিসপ্লেতে প্রচারের উদ্যোগ নেওয়া হবে।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৯টায় থানাঘাটের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালনের আয়োজন থাকবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ এবং বিভিন্ন স্কুল-কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হবে। তাঁদের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া দিবসগুলোকে আরও উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচসহ নানা আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। শুধু আনুষ্ঠানিকতা নয়, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম ও ঐতিহাসিক চেতনা জাগ্রত করাই এসব আয়োজনের মূল লক্ষ্য।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সঞ্চালনায় সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দিবস উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০