বোলারদের দাপটে আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্যাটিংয়ে আবারও ভুগেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে সেই ঘাটতি পুষিয়ে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বি গ্রুপের রানার্সআপ হয়ে আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ২০১৮ সালের চ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ। শুরুতেই ৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এরপর জুরাইরা ও নিগার সুলতানা মিলে ২৯ রানের জুটি গড়লেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৫ রানেই বাংলাদেশের ৬ উইকেট পড়ে যায়।
সেখান থেকে শারমিন আক্তার ও নাহিদা আক্তারের ৪২ রানের জুটি বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। শারমিন ৩১ বলে ৩৮ রান করে দলের হয়ে সর্বোচ্চ রান করেন। নাহিদার ব্যাট থেকে আসে ১৬ রান। টপ অর্ডারে নিগার সুলতানা করেন ২৩ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ১০৩ রানে অলআউট হয় বাংলাদেশ। আমিরাতের হয়ে সুরক্ষা কোট্টে নেন ৩ উইকেট।
১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে আমিরাত। ইনিংসের চতুর্থ বলেই দারুণ ইনসুইঙ্গারে আমিরাতের অধিনায়ক এশা ওঝাকে বোল্ড করেন মারুফা আক্তার। পরের ওভারেই ওয়ান-ডাউনে নামা সামাইরা ধরনীধরকাকে ফেরান তিনি।
পাওয়ারপ্লেতে ৩ ওভার বোলিং করে মাত্র ৬ রান দেন মারুফা। ৬ ওভার শেষে আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৫ রান। নবম ওভারে ফিরে নিজের স্পেলের শেষ ওভারটি করে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন এই পেসার।
অন্য প্রান্তে অফস্পিনে আমিরাতের ব্যাটারদের চাপে রাখেন সুলতানা খাতুন। ১০ ওভার শেষে আমিরাতের রান ছিল ৩ উইকেটে ৩৪। এরপর তীর্থা সতীশের বিদায়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে।
ব্যাট হাতে ১৬ রান করার পর বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন নাহিদা আক্তার। জোড়া আঘাতে আমিরাতের ব্যাটিংয়ে আরও ধস নামান তিনি। রাবেয়া খানও নেন ৩ উইকেট। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৬৯ রান তুলতে পারে আমিরাত।
পুরো ইনিংসে ৭০টি ডট বল খেলেছে আমিরাতের ব্যাটাররা। বাংলাদেশের বোলারদের সম্মিলিত পারফরম্যান্সেই শেষ পর্যন্ত ৩৪ রানের জয় নিশ্চিত হয়।
জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়েরা অভিনব উদযাপন করেন। এক হাত ওপরে তুলে অন্য হাতের একটি আঙুল ঠোঁটে রেখে তাঁরা যেন সমালোচকদের নীরব থাকার বার্তাই দেন।
এই জয়ে বি গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে তারা। এর আগে গ্রুপ পর্বে ইন্দোনেশিয়াকেও হারিয়েছিল বাংলাদেশ।
১১০ বার পড়া হয়েছে