চোটের কারণে সাফ থেকে ছিটকে গেলেন রোনান সুলিভান
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না তরুণ প্রবাসী ফুটবলার রোনান সুলিভানের। ঊরুর পেছনের পেশিতে চোট পাওয়ায় আসন্ন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। ফলে সিনিয়র জাতীয় দলে তাঁর অভিষেক আপাতত পিছিয়ে গেল।
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই দলে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছিলেন রোনান সুলিভান। তবে জাতীয় দলের হয়ে মাঠে নামার আগেই চোটের কারণে তাঁকে দল থেকে ছিটকে যেতে হচ্ছে। জাতীয় দলের বিশ্বস্ত একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
গত শুক্রবার (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকসের হয়ে অনুশীলনের সময় ঊরুর পেছনের পেশিতে টান লাগে রোনানের। এই চোট থেকে সেরে উঠতে তাঁর প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে। আগামী ৫ নভেম্বর শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে তাই তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
তবে দ্রুত সুস্থ হয়ে উঠলে টুর্নামেন্টের শেষ দিকে এক বা দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ তৈরি হতে পারে। সে ক্ষেত্রে তাঁকে পুরোপুরি ফিট হয়ে উঠতে হবে এবং যথাসময়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে হবে। আপাতত অবশ্য সাফে তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ।
এর আগে গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন রোনান। ওই প্রতিযোগিতায় তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল জাতীয় দলের কোচ থমাস ডুলির। সেই সুবাদেই সিনিয়র দলে প্রথমবার ডাক পান এই তরুণ ফুটবলার। কিন্তু চোটের কারণে জাতীয় দলের জার্সিতে তাঁর অভিষেক এখন অপেক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
১৩৩ বার পড়া হয়েছে