বাঁচা-মরার ম্যাচে আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী দল
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
এশিয়া কাপে প্রথম দুই ম্যাচে ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার লড়াই। সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো পথ নেই নিগার সুলতানা জ্যোতিদের সামনে।
থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচেও ব্যাটিং ছিল প্রত্যাশার তুলনায় দুর্বল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেননি। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ যথাক্রমে ১২৯ ও ১১৪ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে অল্প পুঁজিতেও বোলাররা লড়াই জমিয়ে তুলেছিলেন। তবে ফিল্ডিংয়ের কিছু ভুল শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য ব্যয়বহুল হয়ে ওঠে। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস ও মিসফিল্ডিংয়ের কারণে ম্যাচ থেকে কাঙ্ক্ষিত ফল বের করে আনতে পারেনি দল।
দলের তারকা ব্যাটার সোবহানা মোস্তারি মনে করেন, ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দ্রুত উন্নতি করতে হবে। তিনি বলেন, ‘শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপে আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের ওপর ব্যাপকভাবে মনোযোগ দিয়েছিলাম। কিছু নির্দিষ্ট জায়গায় আমাদের সত্যিই উন্নতি করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করি, নয়তো ভুল ফিল্ডিং করি। আমাদের ব্যাটিং ও ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে।’
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের গুরুত্ব তাই বাংলাদেশের জন্য অনেক বেশি। এই ম্যাচ জিততে পারলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তবে আপাতত সেমিফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে ভাবছে না দল। বরং শেষ ম্যাচে জয় নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
আমিরাতকে সমীহও করছেন মোস্তারি। তাঁর ভাষায়, ‘সংযুক্ত আরব আমিরাত একটি ভালো দল। এখন আমাদের মনোযোগ শেষ ম্যাচে এবং আমাদের এটা জিততে হবে।’
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচটি হবে দুবাইয়ে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে তাই ব্যাটিং ও ফিল্ডিং—দুই বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে বাংলাদেশকে।
১৩৭ বার পড়া হয়েছে