সর্বশেষ

খেলা

জানুয়ারিতে হতে পারে ভারত–বাংলাদেশ সিরিজ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৭:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় দল। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।

আগামী সেপ্টেম্বর বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। তবে নির্ধারিত সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সফরটি আবারও পিছিয়ে যেতে পারে। এ অবস্থায় আগামী বছরের শুরুর দিকে সিরিজ আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া তথ্য অনুযায়ী, বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার সিরিজটি আগামী জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে। একই সঙ্গে বিসিবিও আগামী বছরের শুরুর দিকে সিরিজ আয়োজনের জন্য একটি সম্ভাব্য সময় খুঁজছে।

বিসিসিআইয়ের ওই সূত্রের ভাষ্য, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে। অন্যদিকে বিসিবি আগামী বছরের শুরুর দিকে একটি উইন্ডো খুঁজছে।’

এর আগে ২০২৫ সালের আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফরের কথা ছিল। পরে সেই সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, সফরে ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনো সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সম্প্রতি ভারত সিরিজ নিয়ে কথা বলেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছিলেন, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে এবং সূচির তারিখে পরিবর্তন আসতে পারে।

২০২২ সালের পর আর বাংলাদেশ সফর করেনি ভারতীয় ক্রিকেট দল। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব ক্রিকেটেও পড়েছে। নিরাপত্তাজনিত বিষয়সহ বিভিন্ন কারণে বাংলাদেশে ভারতের নির্ধারিত সিরিজটি একাধিকবার অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে চলতি বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে তৈরি হওয়া পরিস্থিতিও দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে আলোচনার জন্ম দেয়। পরে বাংলাদেশ ভারতীয় মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি।

তবে ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের উন্নতির সম্ভাবনা দেখা দেয়। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বরে ভারত–বাংলাদেশ সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছিল। এখন সেই সিরিজ জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা চলছে।

সিরিজের চূড়ান্ত তারিখ, ভেন্যু ও সূচি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার পরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যাবে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন