চোটের ধাক্কায় অস্ট্রেলিয়া সিরিজের দল বদল, ছিটকে গেলেন নাহিদ-শরিফুল-লিটন
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় দলের পাঁচ ক্রিকেটারের চোটের সর্বশেষ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ‘স্বাস্থ্য বুলেটিনে’ নেই কোনো সুখবর। নাহিদ রানা দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে, আর প্রথম টেস্টে খেলতে পারবেন না শরিফুল ইসলাম ও লিটন কুমার দাস। ফলে অস্ট্রেলিয়া সফরের টেস্ট দল নতুন করে সাজাতে হচ্ছে নির্বাচকদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। জাতীয় দলের মেডিকেল বিভাগের প্রতিবেদন পাওয়ার পর প্রথম টেস্টের স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে নির্বাচক প্যানেল।
দলের অন্যতম গতি তারকা নাহিদ রানা চোটের কারণে প্রায় আট সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। অন্যদিকে পেসার শরিফুল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস ডারউইন টেস্টে খেলতে পারবেন না। তাঁদের পুনর্বাসন শেষ করে ফিট হলে দ্বিতীয় টেস্টের দলে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।
অস্ট্রেলিয়া সফরের জন্য ১৭ সদস্যের দল নিয়ে পরিকল্পনা করেছিল টিম ম্যানেজমেন্ট। তবে গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারকে না পাওয়ায় প্রথম টেস্টের দল এখন ১৫ সদস্যে নামিয়ে আনতে হচ্ছে। লিটনের বিকল্প হিসেবে জাকের আলীর নাম আলোচনায় রয়েছে। সম্প্রতি জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ভালো ব্যাটিং করে নির্বাচকদের নজরে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
শরিফুলের জায়গায় দলে ফিরতে পারেন এবাদত হোসেন। পিতৃত্বকালীন ছুটিতে বর্তমানে ইতালিতে থাকা এই পেসারকে দ্রুত দেশে ফিরে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হচ্ছে। ২৯ জুলাই দেশে ফিরে অস্ট্রেলিয়ার ভিসার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন তিনি। সবকিছু ঠিক থাকলে ৩১ জুলাই রাতেই দলের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হতে পারেন এবাদত।
প্রথম টেস্টের পেস আক্রমণে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। তাঁর সঙ্গে থাকবেন হাসান মাহমুদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও রবিউল হক। মুস্তাফিজুর রহমানসহ বেশ কয়েকজন পেসারের চোটের কারণে বিকল্প কমে গেছে নির্বাচকদের হাতে।
অস্ট্রেলিয়ায় ২৩ বছর পর টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া এই সিরিজ নিয়ে দলের প্রত্যাশাও ছিল অনেক। বিশেষ করে ডারউইন ও ম্যাকয়ের ড্রপ-ইন উইকেটে নাহিদ রানার গতি বড় অস্ত্র হতে পারত। কিন্তু চোটের কারণে সেই সুযোগ হারাতে হচ্ছে তাঁকে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ থাকবে, তবে ভালো ক্রিকেট খেললে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব। তাঁর মতে, বোলিং বিভাগ কিছুটা দুর্বল হলেও তাসকিন, হাসান, এবাদত ও খালেদের অভিজ্ঞতা কাজে আসতে পারে।
তবে সুজনের সবচেয়ে বড় উদ্বেগ ব্যাটিং নিয়ে। সাম্প্রতিক ব্যর্থতার উদাহরণ হিসেবে তিনি জিম্বাবুয়ে সফরে ওয়ানডেতে রান তাড়া করতে না পারার বিষয়টি উল্লেখ করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ফল পেতে হলে ব্যাটারদের বড় দায়িত্ব নিতে হবে বলেও মনে করেন তিনি।
১২৪ বার পড়া হয়েছে