প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি সেবায় যুক্ত হচ্ছে আরও ৫ দেশ
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৫:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ আরও সম্প্রসারণ করছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে বাহরাইন, সুইডেন, সিঙ্গাপুর, নরওয়ে ও ফিনল্যান্ডকে প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার আওতায় আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের জন্য অনলাইন নিবন্ধন প্রক্রিয়াও আরও সহজ করা হয়েছে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, বাহরাইন, সুইডেন ও সিঙ্গাপুরে প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চালুর সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। চলতি মাসেই সুইডেন ও সিঙ্গাপুরে আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে বাহরাইনে উদ্বোধনের সময়সূচি কয়েক দিন পিছিয়েছে। আগামী মাসের শুরুতে সেখানে কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্যও এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালুর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ইসি। এই দুই দেশের প্রবাসীরা সুইডেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় সেবা গ্রহণ করবেন। কারণ নরওয়ে ও ফিনল্যান্ডের কনস্যুলার কার্যক্রম সুইডেন থেকেই পরিচালিত হয়।
অন্যদিকে পরিকল্পনায় থাকলেও আপাতত ফ্রান্সে এই কার্যক্রম শুরু হচ্ছে না। সংশ্লিষ্ট দূতাবাসের কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন না হওয়ায় দেশটিতে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে বিশ্বের ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চালু করা হয়েছিল। নতুন পাঁচটি দেশ যুক্ত হলে মোট ১৯টি দেশের প্রবাসী বাংলাদেশিরা এই সুবিধার আওতায় আসবেন।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান এবং দক্ষিণ আফ্রিকার বিভিন্ন বাংলাদেশ মিশনের মাধ্যমে এ সেবা চালু রয়েছে। জাতীয় নির্বাচনের পর গত পাঁচ মাসে এসব দেশ থেকে প্রায় এক লাখ নতুন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে প্রায় ৩০ হাজার ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র পেয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আইডিইএ প্রকল্পের আওতায় ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বিপুলসংখ্যক বাংলাদেশিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, বিশ্বের প্রায় ১৬০টি দেশে বসবাসরত দেড় কোটির মতো বাংলাদেশির মধ্যে আরও বেশি সংখ্যক প্রবাসীকে ভোটার তালিকাভুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে আগে এই কার্যক্রম ধীরগতির হলেও এখন তা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রবাসীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ
প্রবাসী ভোটার নিবন্ধনকে সহজ করতে অনলাইন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীরা নিবন্ধনের সময়ই সরাসরি নিজেদের বায়োমেট্রিক তথ্য আপলোড করতে পারবেন।
আগে নিবন্ধন প্রক্রিয়ায় দুটি ধাপে তথ্য যাচাই ও বায়োমেট্রিক গ্রহণ করা হতো। নতুন ব্যবস্থায় অতিরিক্ত একটি ধাপ বাদ দেওয়ায় আবেদন নিষ্পত্তির সময় কমবে এবং প্রবাসীদের জন্য পুরো প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।
১০৭ বার পড়া হয়েছে