ঢাকায় ডিএমপির অভিযানে ৩৭০ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও মাদক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৮:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, জাল নোট, মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করে। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ বিভাগ থেকে ১৮ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৩ জন, মিরপুর বিভাগ থেকে ৯১ জন, গুলশান বিভাগ থেকে ৩১ জন, উত্তরা বিভাগ থেকে ৩২ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৮ জন রয়েছেন।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৬ হাজার ২৮৩ পিস ইয়াবা, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, জাল নোট, ২২টি মোবাইল ফোন, ৫৯টি সিম কার্ড, একটি প্রাইভেটকার এবং দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানসহ নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১০৯ বার পড়া হয়েছে