ঋণ নিয়ে ভ্যানগাড়ি আর্জেন্টিনার পতাকায় রাঙালেন ময়মনসিংহের ‘সুমন মেসি’
সোমবার, ২৯ জুন, ২০২৬ ২:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
আর্জেন্টিনার প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ভ্যানচালক সুমন গৌড়। প্রিয় দলের সমর্থনে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি নিজের ভ্যানগাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছেন। ফুটবল বিশ্বকাপ ঘিরে ‘সুমন মেসি’ নামে পরিচিত এই ভক্তের এমন উন্মাদনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন সুমন গৌড়। পেশায় তিনি একজন সাধারণ ভ্যানচালক হলেও ফুটবল বিশ্বকাপ এলে তার মধ্যে এক অভাবনীয় ফুটবল উন্মাদনা লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে লিওনেল মেসির দলের কট্টর সমর্থক হওয়ায় এলাকার মানুষ তাকে ভালোবেসে ‘সুমন মেসি’ বলে ডাকেন।
আসন্ন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন জানাতে ব্যাংক থেকে প্রায় ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন সুমন। এই ঋণের টাকা দিয়ে নিজের উপার্জনের প্রধান উৎস ভ্যান গাড়িটিকে রাঙিয়েছেন প্রিয় দলের পতাকার আদলে। শুধু তাই নয়, নিজের এলাকায় টানিয়েছেন ১৬টি বিশাল আকৃতির আর্জেন্টিনার পতাকা। নিজের পোশাক-আশাকেও এনেছেন আর্জেন্টিনার ছোঁয়া, পরেছেন একই রঙের জার্সি ও লুঙ্গি।
তবে সুমনের এমন কর্মকাণ্ডে বেশ দুশ্চিন্তায় পড়েছেন তার পরিবার। তার স্ত্রী আরতি গৌড় জানান, নুন আনতে পান্তা ফুরানোর এই সংসারে ঋণের বোঝা টানা অত্যন্ত কঠিন। প্রতি সপ্তাহে ঋণের কিস্তির টাকা জোগাড় করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। পরিবারের অমত সত্ত্বেও সুমনের এই উন্মাদনা থামানো যায়নি।
এ বিষয়ে নিজের গভীর আবেগ প্রকাশ করে সুমন গৌড় জানান, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার খেলা তার মন কেড়েছে। প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি তার ভালোবাসা অপরিসীম। নিজের কষ্টের উপার্জনের পাশাপাশি ঋণ নিয়ে হলেও দলের পাশে থাকতে তার কোনো আফসোস নেই। সমর্থকদের নিয়ে খেলা দেখা এবং উল্লাস করার আনন্দ ভাগাভাগি করতে চান তিনি।
স্থানীয় বাসিন্দারা সুমনের ফুটবল প্রেমের প্রশংসা করলেও তার আর্থিক সামর্থ্যের চেয়ে অতিরিক্ত খরচ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, কোনো দলের প্রতি আবেগ থাকা ভালো, তবে ঋণ নিয়ে এভাবে সংসারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা অনুচিত। সমস্ত প্রতিকূলতা আর আলোচনার মাঝেও সুমনের এই আর্জেন্টিনা প্রীতি পুরো ঈশ্বরগঞ্জে কৌতূহলের জন্ম দিয়েছে।
১৩৪ বার পড়া হয়েছে