গোদাগাড়ীতে বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন প্রায় ৭শ'
সোমবার, ১৫ জুন, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম চর আষাড়িয়াদহ ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৭০০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির উদ্যোগে রোববার সকাল ৯টায় আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী চলা এ কার্যক্রমে রাজশাহী মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
চিকিৎসা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণে ছিলেন রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
দুর্গম চরাঞ্চলে নিয়মিত স্বাস্থ্যসেবা না থাকায় স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানান। রোগীরা জানান, এখানে মানসম্মত চিকিৎসা পাওয়া কঠিন হওয়ায় বিজিবির এই সেবা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। তারা নিয়মিতভাবে এমন বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প আয়োজনের দাবি জানান।
স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বলেন, চর আষাড়িয়াদহ উপজেলা ও জেলা সদর থেকে বিচ্ছিন্ন। একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও চিকিৎসক সংকট ও ওষুধের অভাবে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে সাধারণ চিকিৎসার জন্যও মানুষকে দূর-দূরান্তে যেতে হয়। তারা এলাকায় একটি আধুনিক ও স্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপনের দাবি জানান।
স্থানীয় সচেতন মহল মনে করেন, সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ শুধু চিকিৎসাসেবা নিশ্চিত করছে না, বরং সাধারণ মানুষের সঙ্গে বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করছে।
১২১ বার পড়া হয়েছে