অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়
শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যুক্ত হলো নতুন এক গৌরবগাথা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছে টাইগাররা। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ১৯২ রান। ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার তানজিদ হাসান তামিমকে হারিয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ৮৬ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন। দুজনই সমান ৪২ রান করে বিদায় নেন।
এরপর লিটন দাস ২১ এবং মোসাদ্দেক হোসেন সৈকত ১৫ রান করে আউট হলে কিছুটা চাপ তৈরি হয়। তবে তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে হৃদয় ৪০ রানে অপরাজিত থাকেন, আর মিরাজ ২২ রান করে ছক্কায় জয় নিশ্চিত করেন। ৩৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। কোনো রান যোগ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। পরে মারনাস লাবুশানে ও জাভিয়ের বার্টলেট সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। বার্টলেট ৫২ এবং লাবুশানে অপরাজিত ৫৫ রান করেন। ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ তিনটি করে উইকেট নেন। ২৭ রানে তিন উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জেতেন মুস্তাফিজ।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৮৬ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। আগামী ১৪ জুন মিরপুরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজ ইতোমধ্যে নিশ্চিত হলেও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।
১২২ বার পড়া হয়েছে