সর্বশেষ

খেলা

আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ চতুর্থ দিনের খেলা, বাংলাদেশের লিড ১৭৯

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ১১ মে, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলাও শেষ হলো আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই। দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান।

প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ স্বাগতিকদের মোট লিড দাঁড়িয়েছে ১৭৯ রান। ক্রিজে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রানে। পঞ্চম দিনের খেলা শুরু করবেন এই দুই ব্যাটার।

দিনের শেষ সেশনে দুর্দান্ত ব্যাটিং করেন মুমিনুল হক ও শান্ত। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ১০৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। ৯০ বলে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট ফিফটি পূর্ণ করেন শান্ত। অন্যদিকে ১০৫ বলে অর্ধশতক তুলে নেন মুমিনুল। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের ২৭তম হাফ সেঞ্চুরি এবং টানা পঞ্চম ফিফটি।

তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনুল। শাহিন শাহ আফ্রিদির বলে খোঁচা মেরে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ধরা পড়েন তিনি। ১২০ বলে চারটি চারে ৫৬ রান করেন এই বাঁহাতি ব্যাটার। তার বিদায়ে ভাঙে ১৯৩ বল স্থায়ী ১০৫ রানের জুটি। তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৩ ওভারে ৩ উইকেটে ১২৮ রান। এরপর শান্তর সঙ্গে উইকেটে যোগ দেন মুশফিকুর রহিম।

মুমিনুলের ইনিংসে ছিল ভাগ্যের ছোঁয়াও। পাকিস্তানি ফিল্ডারদের ভুলে দুইবার নিশ্চিত আউট থেকে বেঁচে যান তিনি। ব্যক্তিগত ১৫ ও ৪৩ রানে জীবন পান এই ব্যাটার। পরে ফিফটি স্পর্শ করার মাধ্যমে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি। এছাড়া ১৭৪ বলে শতরানের জুটি পূর্ণ করেন মুমিনুল ও শান্ত।

এর আগে বৃষ্টির কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল ম্যাচ। লাঞ্চ বিরতির সময় শুরু হওয়া ভারী বর্ষণে ভেসে যায় দ্বিতীয় সেশন। ফলে নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেননি দুই দলের ক্রিকেটাররা। পরে বৃষ্টি থামলে মাঠের কাভার সরিয়ে নেওয়া হয় এবং আউটফিল্ড শুকানোর কাজ শুরু করেন মাঠকর্মীরা।

বিকেল সাড়ে ৩টায় মাঠ পরিদর্শনে আসেন দুই অন-ফিল্ড আম্পায়ার। তাদের সবুজ সংকেত পাওয়ার পর বিকেল ৩টা ৪৫ মিনিটে পুনরায় শুরু হয় খেলা। খেলা শুরুর পর সতর্ক ব্যাটিংয়ে এগোতে থাকেন দুই বাঁহাতি ব্যাটার মুমিনুল ও শান্ত। তাদের ব্যাটে ৩৪তম ওভারে দলীয় শতরান পূর্ণ করে বাংলাদেশ। ৩৭ ওভার শেষে স্কোর ছিল ২ উইকেটে ১১৪ রান।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে প্রথম সেশনে বেশ স্বস্তিতেই ছিল বাংলাদেশ। ২ উইকেটে ৯৩ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা। তখন নাজমুল হোসেন শান্ত অপরাজিত ছিলেন ৩৪ রানে এবং মুমিনুল হক খেলছিলেন ৩৭ রানে। প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ তখন বাংলাদেশের মোট লিড ছিল ১২০ রান।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৪১৩ রানে। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় ৩৮৬ রানে। ফলে প্রথম ইনিংস শেষে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। এখন পঞ্চম দিনে শান্ত-মুশফিকদের সামনে লক্ষ্য থাকবে দ্রুত রান তুলে পাকিস্তানকে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়া।

২৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন