জন্মদিনে অর্ধশতকে উজ্জ্বল মুশফিক, টেস্টে তুলে নিলেন ২৯তম ফিফটি
শনিবার, ৯ মে, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জন্মদিনটা দারুণভাবেই রাঙালেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ধৈর্য, অভিজ্ঞতা আর দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নিলেন নিজের টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি।
১০১তম টেস্ট খেলতে নামা এই অভিজ্ঞ ব্যাটার দিনের শুরু করেন ৪৮ রানে অপরাজিত থেকে। অন্য প্রান্তে লিটন দাস ছিলেন ৮ রানে। দিনের খেলা শুরু হওয়ার পর চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই শাহীন আফ্রিদির বলে এক রান নিয়ে ১১৪ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন মুশফিক। ইনিংসটি সাজানো ছিল ৬টি চারের মারে।
বাংলাদেশ ক্রিকেটের নির্ভরতার প্রতীক মুশফিক আজ ৩৯ বছরে পা রাখেন। বিশেষ এই দিনে সকালে সতীর্থদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। পরে সেই কেক গ্রাউন্ডসম্যানদের সঙ্গেও ভাগ করে নেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
১৩টি টেস্ট সেঞ্চুরির মালিক মুশফিকের এই ফিফটি জন্মদিনকে আরও স্মরণীয় করে তুলেছে। যদিও তার ভক্তদের প্রত্যাশা থাকবে ইনিংসটি তিন অঙ্কে রূপ নিক—যা হতে পারে তার দিনের সবচেয়ে বড় অর্জন।
এই ফিফটির মাধ্যমে টেস্টে টানা তিন ইনিংসে ৫০ বা তার বেশি রানের ধারাও ধরে রাখলেন তিনি। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৫৩ ও ১০৬ রান। মুশফিকের এই দৃঢ় ব্যাটিংয়ে বড় সংগ্রহের আশায় বাংলাদেশ শিবির।
১১৮ বার পড়া হয়েছে