নোয়াখালী পৌর গেইটে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, দাবি ওঠে একরামুল করিম চৌধুরীর মুক্তি
শুক্রবার, ৮ মে, ২০২৬ ৫:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
শুক্রবার (৮ মে) দুপুর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে সদর উপজেলার নোয়াখালী পৌর গেইট এলাকায় এ ঘটনা ঘটে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জুমার নামাজের পর দুপুর ২টার দিকে পৌর গেইট এলাকায় একদল নেতাকর্মী একত্রিত হন। পরে তারা হঠাৎ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে দ্রুতই ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-পোস্টার বহন করতে দেখা যায়। তারা সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মুক্তির দাবিতে স্লোগান দেন, পাশাপাশি শেখ হাসিনার নামেও স্লোগান দেন বলে জানা গেছে। পরে মিছিলকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।
সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, জুমার নামাজের পর পুলিশ খাবারের বিরতিতে থাকাকালে হঠাৎ করে কিছু বহিরাগত ব্যক্তি পৌর গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে। মিছিলটি মাইজদী বাজার পর্যন্ত গিয়ে কিছুক্ষণ পরই শেষ হয়ে যায়। ঘটনাটিতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
১২০ বার পড়া হয়েছে