জুলাই জাতীয় সনদ মানতে সব দল বাধ্য: নজরুল ইসলাম খান
শুক্রবার, ৮ মে, ২০২৬ ৪:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার পর কোনো রাজনৈতিক দলের সেটি অমান্য করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, “সব রাজনৈতিক দল একত্রে একটি ডকুমেন্টে স্বাক্ষর করেছে। স্বাক্ষর করার পর তা না মানার সুযোগ নেই।”
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ইসলামপুর উপজেলা অডিটোরিয়াম-এ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এনসিপির নেতা নাহিদ ইসলাম সম্প্রতি সংসদের প্রথম অধিবেশনকে ব্যর্থ উল্লেখ করে সংস্কার প্রস্তাব অনুমোদন না হওয়ার কথা বলেছেন। এ প্রসঙ্গে নজরুল ইসলাম খান জানান, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর সম্পন্ন হয়েছে। শুরুতে এনসিপি এতে অংশ না নিলেও পরবর্তীতে তারাও স্বাক্ষর করেছে।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংসদে বিল আকারে তা উত্থাপন করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে অনুমোদন নিতে হবে। একটি বিল পাসের ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ে খসড়া প্রস্তুত, সংসদে উত্থাপন, স্থায়ী কমিটিতে পর্যালোচনা ও অন্যান্য সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা শতাধিক অধ্যাদেশ সংসদে অনুমোদনের জন্য আসায় সেগুলো নিষ্পত্তি করতেও সময় লেগেছে বলে জানান তিনি। নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন না হলে অধ্যাদেশ বাতিল হয়ে যাওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টিও তুলে ধরেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতানা মাহমুদ বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া বক্তব্য দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
১২৩ বার পড়া হয়েছে