মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কর্ণফুলীর শিরোপা জয়
শুক্রবার, ৮ মে, ২০২৬ ৩:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মোংলায় স্বর্ণতারা একতা সংঘের আয়োজনে অনুষ্ঠিত মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কর্ণফুলী দল। শুক্রবার (৮ মে) বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনা আবাসিক এলাকার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. মাকরুজ্জামান।
খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে কর্ণফুলী দল নির্ধারিত ওভারে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সুরমা দল ১৪৭ রানে থেমে যায়। ফলে উত্তেজনাপূর্ণ ম্যাচে ২৩ রানের জয় নিয়ে শিরোপা ঘরে তোলে কর্ণফুলী।
ফাইনালে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে কর্ণফুলী দলের খেলোয়াড় সুমন শীল “ম্যান অব দ্য ম্যাচ” ও “ম্যান অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগী হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে।
তিনি নিয়মিত ক্রীড়া আয়োজনের জন্য স্বর্ণতারা একতা সংঘের আয়োজকদের ধন্যবাদ জানান।
এসময় মোংলা বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম সরকারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী কর্ণফুলী দলের হাতে ট্রফি তুলে দেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান। রানার্সআপ সুরমা দলের হাতে ট্রফি তুলে দেন কমডোর শফিকুল ইসলাম সরকার।
১২১ বার পড়া হয়েছে