সালথায় শিক্ষকের অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভে উত্তাল স্কুল প্রাঙ্গণ
সোমবার, ৪ মে, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাগদী মুরুটিয়া আলহাজ্ব মো. আব্দুল মজিদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় মাঠে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা বিভিন্ন অভিযোগ তুলে স্লোগান দেয় এবং দ্রুত সমাধানের দাবি জানায়।
শিক্ষার্থীদের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুন শরিফ দীর্ঘদিন ধরে নানা অনিয়মের সঙ্গে জড়িত থাকলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। একই সঙ্গে তাদের ন্যায্য দাবি-দাওয়া উপেক্ষা করা হচ্ছে বলেও তারা অভিযোগ করে। এ অবস্থায় তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবীর উদ্দীন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করে পুনরায় শ্রেণিকক্ষে ফিরিয়ে দেন।
এদিকে স্থানীয়দের একাংশের দাবি, বিদ্যালয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই একটি পক্ষ শিক্ষার্থীদের ব্যবহার করে পরিস্থিতি উত্তপ্ত করেছে। তাদের মতে, এখনো পর্যন্ত দৃশ্যমান বড় কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।
অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুন শরিফ বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। শিক্ষার্থীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে সমাধান হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবীর উদ্দীন বলেন, “প্রতিষ্ঠানের হিসাব-নিকাশে কিছু অস্পষ্টতা রয়েছে, যা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের কাছ থেকে হিসাব নিয়ে যাচাই-বাছাই করা হবে। আশা করি দ্রুতই সমস্যার সমাধান হবে।”
১২১ বার পড়া হয়েছে