ফরিদপুর বিআরটিএ কর্মকর্তা মেহেদী হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
সোমবার, ৪ মে, ২০২৬ ৬:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক মেহেদী হাসানের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে একটি মামলাকে ঘিরে হয়রানির অভিযোগ এনে তা প্রত্যাহারসহ নিরপেক্ষ তদন্তের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ফরিদপুর বিআরটিএ অফিসে দীর্ঘদিন ধরে মোটরযান পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে অনিয়ম ও দুর্নীতি চলছে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এবং জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে।
এতে আরও বলা হয়, নিজের অনিয়ম আড়াল করতে তিনি ক্ষমতার অপব্যবহার করে প্রতিবাদকারীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়েছেন, যার ফলে সাধারণ মানুষ ও সচেতন নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং অনেকে প্রতিবাদে অংশ নিতে ভয় পাচ্ছেন।
বিক্ষোভে অংশ নিয়ে সমাজকর্মী খায়রুল রোমান বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একই ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। ফরিদপুরেও তিনি অনিয়ম চালিয়ে যাচ্ছেন এবং এখন সমালোচকদের দমন করতে মামলা করেছেন বলে দাবি করেন তিনি। এ পরিস্থিতির বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
স্মারকলিপিতে চার দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনা এবং বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত ও স্বচ্ছ সেবা প্রতিষ্ঠানে রূপান্তর করা।
বিক্ষোভকারীরা জানান, দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
স্মারকলিপির অনুলিপি সংশ্লিষ্ট সংসদ সদস্য, বিআরটিএ চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে