সিলেটে ‘জাতীয়তাবাদী পরিবার’-এর বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ
শুক্রবার, ১ মে, ২০২৬ ৪:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটে বিএনপি চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ‘জাতীয়তাবাদী পরিবার সিলেট’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুষলধারে বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শুক্রবার (১ মে) বিকেল ৪টায় নগরীর মিরাবাজার এলাকার দৈনিক ‘শ্যামল সিলেট’-এর পুরোনো কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা এনামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুলটিকর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তসলিম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। তিনি বলেন, দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে জনগণের অধিকার পুনরুদ্ধার ও রাষ্ট্রকে এগিয়ে নিতে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ অবস্থায় তাঁর নেতৃত্বকে আরও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, আগামীকাল (২ মে) তারেক রহমানের সিলেট সফর সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে, যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়।
আনন্দ মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন— দীপক রায়, মাহবুব হোসেন মিলন, নিজাম উদ্দিন, মামুন আহমদ, মো. ইসলাম আলী, অর্পণ ঘোষ, শামীম আহমদ, দেওয়ান কামরান, সাজ্জাদুর রহমান সাজু, আজিম উদ্দিন রাজু, জুবায়ের আহমদ, পারভেজ আহমদসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন শহিদ ওয়াসিম ব্রিগেড ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, তাঁতীদল ও পেশাজীবী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ শেষে নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে দেশের ভবিষ্যৎ আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
১৩১ বার পড়া হয়েছে