কোচ নিয়োগে ২২ জনের তালিকা, হামজার মতামত নেয়ার সম্ভাবনা বাফুফের
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৬:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগের প্রক্রিয়ায় গতি এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
কোচ পদের জন্য আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল হলেও ডেডলাইনের আগেই বাফুফের বিশেষ কমিটি ২২ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে। এই তালিকা এখন যাবে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কাছে।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল-এর নেতৃত্বে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী-এর মতামত নেওয়া হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন।
সাধারণত জাতীয় দলের কোচ নিয়োগের পুরো প্রক্রিয়া ফুটবল ফেডারেশনের নিয়ন্ত্রণেই থাকে। তবে অনেক সময় অধিনায়ক বা সিনিয়র খেলোয়াড়দের মতামত নেওয়া হয়। যদিও এখন পর্যন্ত জাতীয় দলের কোনো ফুটবলারের সঙ্গে এ বিষয়ে কথা বলেনি বাফুফে। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়েছেন, “এখনও কোচ নিয়োগ নিয়ে আমার সঙ্গে কেউ কথা বলেনি। শুনেছি তারা ২০-৩০ জনের একটি শর্টলিস্ট করবে। যদি আমার মতামত চাওয়া হয়, অবশ্যই দেব। তবে সবকিছুই নির্ভর করছে বাফুফের ওপর।”
এদিকে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিলটনের মতে, কোচ নিয়োগে খেলোয়াড়দের মতামত মুখ্য নয়। তিনি বলেন, “জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নিশ্চয়ই এ বিষয়ে অনেকের সঙ্গে কথা বলেছেন। ফুটবলারদের সঙ্গে কথা বলার বাধ্যবাধকতা নেই। তবে হামজা চৌধুরীর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা বলা হতে পারে। কোচ নিয়োগ পুরোপুরি একটি গোপনীয় প্রক্রিয়া।”
কোচ পদের জন্য ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেনসহ বিভিন্ন দেশ থেকে আবেদন জমা পড়েছে তিন শতাধিক। সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ব্রাজিলের অলিম্পিকজয়ী কোচ রোজেরিও মাইকেল। এছাড়া আর্জেন্টিনার দুজন কোচ এবং স্থানীয় কোচ জুলফিকার মাহমুদ মিন্টু-ও বিবেচনায় আছেন।
বাফুফে ইতোমধ্যে শর্টলিস্টে থাকা কোচদের কাছে বেতন চাহিদা ও সম্ভাব্য যোগদানের সময় জানতে ইমেইল পাঠিয়েছে। হিলটন বলেন, “আমরা জানতে চেয়েছি কে কত বেতন চান এবং কবে থেকে দায়িত্ব নিতে পারবেন। এসব তথ্য পাওয়ার পর তালিকা আরও ছোট করা হবে। এর মধ্যে যদি আরও ভালো বায়োডাটা আসে, সেটিও বিবেচনায় নেওয়া হবে।”
কোচ নিয়োগে আর্থিক বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাফুফে ২৫ থেকে ৩০ হাজার ডলারের মধ্যে বেতন কাঠামো রাখতে চায়। হিলটন জানান,
“আমাদের একটি নির্দিষ্ট বাজেট আছে। কেউ যদি লাখ ডলার দাবি করেন, তা আমাদের পক্ষে সম্ভব নয়।”
উচ্চমানের কোচ নিয়োগের লক্ষ্যে বাফুফে আর্থিক সংস্থান নিয়েও কাজ করছে। ফিফা-র অনুদানের পাশাপাশি স্পন্সর খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে। হিলটন আশা প্রকাশ করে বলেন, দেশের ফুটবলের জন্য ভালো মানের কোচ নিয়োগ দেওয়া সম্ভব হবে।
১২১ বার পড়া হয়েছে