লিটনের টসে জিতে ফিল্ডিং, রিপন মণ্ডলের অভিষেকে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৮:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ফলে আগে ব্যাট করতে নেমেছে নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বেলা দুইটায়।
এই ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে তরুণ পেসার রিপন মণ্ডলের। এর আগে এশিয়ান গেমসে তিনটি টি-টোয়েন্টি খেললেও মূল জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম ম্যাচ। স্বাগতিকরা একাদশ সাজিয়েছে তিন পেসার, দুই স্পিনার ও ছয় ব্যাটসম্যান নিয়ে। তবে প্রথমবার ডাক পাওয়া আব্দুল গাফ্ফার সাকলাইনের আজ অভিষেক হচ্ছে না। এছাড়া একাদশের বাইরে রাখা হয়েছে নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও নাসুম আহমেদকে।
অন্যদিকে ম্যাচ শুরুর আগমুহূর্তে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম ছিটকে যাওয়ায় দলের নেতৃত্বভার পড়েছে নিক কেলির ওপর। গতকাল নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত পান ল্যাথাম। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আজ অভিষেক হলো নিক কেলির।
এছাড়া কিউইদের হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে নাথান স্মিথ ও ম্যাট ফিশারের।
দীর্ঘ ১২ বছর পর চট্টগ্রামের এই ভেন্যুতে টি-টোয়েন্টি খেলতে নেমেছে নিউজিল্যান্ড। এই মাঠে বাংলাদেশের বিপক্ষে এটিই তাদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। উল্লেখযোগ্যভাবে, এই ভেন্যুতে দিনের বেলার আগের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিপন মণ্ডল।
নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কেটিন ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বিজে জ্যাকবস, বেন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোদি, ম্যাট ফিশার ও বেন লিস্টার।
১২০ বার পড়া হয়েছে