মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সূচনা, বর্ণাঢ্য র্যালি
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ৪:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করা হয়।
“জাতীয় পুষ্টি সপ্তাহ” (২৩–২৯ এপ্রিল) উদযাপন উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে উদ্বোধনী দিনে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শাহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি শারমিন আক্তার সুমি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা। এছাড়াও বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
সভাপতির বক্তব্যে ডা. শাহিন বলেন, একটি সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম। অপুষ্টি দূরীকরণে পরিবার থেকে শুরু করে সমাজের সব স্তরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে।
১৪৫ বার পড়া হয়েছে