ফরিদপুরে হামের প্রকোপে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় ৪০০
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৫:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর জেলায় হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন হামে আক্রান্ত হয়েছেন এবং আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত একদিনে উপজেলাভিত্তিক নতুন আক্রান্তদের মধ্যে চারভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন এবং সালথায় ১ জন শনাক্ত হয়েছেন। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্য থেকেও নতুন আক্রান্ত পাওয়া গেছে।
বর্তমানে দুই হাসপাতালে মোট ৯২ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৫ জন রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। এ পর্যন্ত হাসপাতাল দুটিতে চিকিৎসা শেষে মোট ২২৭ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় এখন পর্যন্ত ৪ জন রোগীর হামের সংক্রমণ পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
১২১ বার পড়া হয়েছে