জয়পুরহাটে ভূমি সেবায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি সেবা নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ লক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) ফোন নম্বর সম্বলিত ব্যানার টানানোর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট পৌর শহরের মাছ বাজার এলাকায় অবস্থিত সদর উপজেলা ভূমি অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার সাহা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক উর রহমানসহ ভূমি সেবা নিতে আসা সেবাগ্রহীতারা।
জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া বলেন, রাজশাহী বিভাগের সব উপজেলা ভূমি অফিসে সেবা সহজীকরণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যানারে দেওয়া ফোন নম্বরের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের অভিযোগ ও সমস্যার কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারবেন।
তিনি আরও জানান, প্রাপ্ত অভিযোগ গোপনীয়তার সঙ্গে তদন্ত করা হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই উদ্যোগের ফলে ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
১২৪ বার পড়া হয়েছে