ভাণ্ডারিয়ায় এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ২:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এক শিক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ইকড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে ওই শিক্ষার্থীকে ভোগান্তির মুখে পড়তে হয় এবং তার ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অভিযোগকারী শিক্ষার্থী লামিয়া আক্তার উপজেলার কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। তার রোল নম্বর ২২২৩৪২।
লামিয়া আক্তার জানান, এমসিকিউ (MCQ) পরীক্ষা শুরু হওয়ার সময় প্রশ্নপত্রের ঘাটতি দেখা দেয়। এ কারণে নির্ধারিত সময়ের প্রায় পাঁচ মিনিট পর তাকে একটি প্রশ্নপত্র দেওয়া হয়। এতে পরীক্ষার নির্ধারিত ৩০ মিনিটের কিছুটা সময় নষ্ট হয়ে যায়। পরে দ্রুত প্রশ্নের উত্তর দিয়ে পরীক্ষা শেষ করেন তিনি।
পরীক্ষা শেষে সহপাঠীদের সঙ্গে প্রশ্নপত্র মিলিয়ে দেখার সময় তিনি বুঝতে পারেন, তার হাতে থাকা প্রশ্নপত্রটি ভিন্ন। পরে যাচাই করে জানা যায়, সেটি ২০২৫ সালের প্রশ্নপত্র ছিল।
তবে কেন্দ্র সচিব আমিরুল ইসলাম জানান, এমন ঘটনার কোনো সুযোগ নেই। তার দাবি, কেন্দ্রের পক্ষ থেকে নিয়ম অনুযায়ীই প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি এখনো তার জানা নেই। অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১২২ বার পড়া হয়েছে