সুদের চাপে কৃষকের গরু নিয়ে যাওয়ার অভিযোগ, গোপালগঞ্জে চাঞ্চল্য
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ১২:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের আট্টরা বাড়ী গ্রামে সুদের টাকা আদায়কে কেন্দ্র করে এক দরিদ্র কৃষকের বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী কৃষক আলতাফ হোসেন গাজী জানান, প্রায় ৮ বছর আগে মেয়েকে বিদেশ পাঠানোর জন্য তিনি প্রতিবেশী মৃত মজিদ গাজীর ছেলে সুদি মহাজন আবুল হোসেন গাজীর কাছ থেকে ৩৫ হাজার টাকা ধার নেন। শর্ত ছিল, প্রতি বছর সুদ হিসেবে ১৭ মণ ধান পরিশোধ করতে হবে।
তিনি জানান, প্রথম বছর ১৬ মণ ধান পরিশোধ করলেও পরবর্তীতে তার মেয়ে সায়মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় নিয়মিত সুদ পরিশোধ করতে পারেননি। এতে করে সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে এবং মূল টাকার সঙ্গে যুক্ত হয়।
আলতাফ হোসেন গাজীর দাবি, এ পর্যন্ত তিনি ১৬ মণ ধানসহ বিভিন্ন সময়ে মোট প্রায় ৩ লাখ ৬ হাজার টাকা পরিশোধ করেছেন। এর মধ্যে এক কিস্তিতে ৮৫ হাজার, দ্বিতীয় কিস্তিতে ৫৫ হাজার, তৃতীয় কিস্তিতে ১ লাখ এবং পরে আরও ৫০ হাজার টাকা দেন। এত পরিশোধের পরও মহাজন আবুল হোসেন গাজী এখনও সাড়ে ৩ লাখ টাকা দাবি করছেন।
তিনি আরও অভিযোগ করেন, গত বুধবার (২২ এপ্রিল) রাতে আবুল হোসেন গাজী তার স্ত্রী ও সন্তানদের নিয়ে তার বাড়িতে এসে টাকার জন্য চাপ সৃষ্টি করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে তার গোয়ালঘর থেকে দুটি গরু ও একটি দুধের বাছুর নিয়ে যান।
এদিকে, অভিযুক্ত আবুল হোসেন গাজীকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “আমরা চার লাখ টাকা দিয়েছি। টাকা পরিশোধ না করায় গরু নিয়ে এসেছি।”
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
১১৮ বার পড়া হয়েছে