নাজিরপুরে ডাকাত দলের সরদার আব্দুল আজিজ গ্রেপ্তার
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ডাকাতির সময় এক ডাকাত নিহত হওয়ার ঘটনায় দলের সরদার আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে মাদারীপুর শহর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও র্যাব-৮ এর সহযোগিতায় তাকে আটক করা হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দুপুরে নাজিরপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান জানান, গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে ৯ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের দক্ষিণ কলারদোয়ানিয়া গ্রামের উজ্জ্বল বাহাদুরের বাড়িতে প্রবেশ করে।
এ সময় ডাকাতরা বাড়ির মালিককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজনও এগিয়ে আসে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ডাকাত দলের সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে তাদের একজন গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি ওই ডাকাত দলের সদস্য ছিলেন। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি মো. তরিকুল ইসলাম জানান, ডাকাতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
১২১ বার পড়া হয়েছে