কলাপাড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ৩০ হাজার টাকা
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ৩:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় গোপনে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে ব্যারেলে ভরা তেল সরবরাহের সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ইজিবাইক চালককে সঙ্গে নিয়ে তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ ট্রেডার্স’-এ গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।
প্রথমে প্রতিষ্ঠানটি তেল বিক্রির বিষয়টি অস্বীকার করলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তে দুই ব্যারেল ডিজেল বিক্রির সত্যতা পাওয়া যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকেই প্রতিষ্ঠানটি গোপনে তেল বিক্রি করে আসছিল।
অভিযান শেষে ‘বিসমিল্লাহ ট্রেডার্স’-এর পরিচালক রেদওয়ানুল ইসলামকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দ করা তেল প্রকৃত ক্রেতাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ জানান, নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে তেল বিক্রির দায়ে এ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে শেষবারের মতো সতর্ক করা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে