বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে নিহত ২
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গেলে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুইজন সিটি করপোরেশনের শ্রমিক ছিলেন। তারা সড়কের সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাখালী থেকে গাজীপুরগামী ভূঁইয়া পরিবহনের একটি বাসে তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি উঠতে চাইলে চালক ও হেলপার বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কে কাজরত দুই শ্রমিক বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নেয়। তবে চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
১২১ বার পড়া হয়েছে