মঠবাড়িয়ায় ভুয়া কার্ডিওলজিস্ট আটক, ২ বছরের কারাদণ্ড
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৩:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় হৃদরোগ বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আদালত তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে পৌর শহরের দক্ষিণ বন্দর গোডাউন সংলগ্ন এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। অভিযানের সময় তিনি নিজের পরিচয় গোপন করতে বারবার নাম পরিবর্তন করেন এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে অস্বীকৃতি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি ‘ডা. লিয়াকত হোসেন’ নামে পরিচয় দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের বিভিন্ন ক্লিনিকে হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখতেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে এক গর্ভবতী নারীকে ভুলভাবে জানানো হয় যে তার গর্ভের সন্তান মারা গেছে। পরবর্তীতে অন্য চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করে জানা যায়, শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। এ ঘটনার পর থেকেই তার চিকিৎসা কার্যক্রম নিয়ে সন্দেহ তৈরি হয়।
পরে বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা প্রশাসনকে অবহিত করলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান চালিয়ে দক্ষিণ বন্দর এলাকার একটি ভবন থেকে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় তিনি একাধিক নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করেন। প্রথমে ‘ডা. লিয়াকত হোসেন’, পরে ‘ডা. নুরুল ইসলাম’ এবং সর্বশেষ ‘উরিং চাং’ নাম ব্যবহার করলেও কোনো পরিচয়ের সত্যতা পাওয়া যায়নি।
পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয়। জানা যায়, তার আসল নাম সুবাস চন্দ্র মোহন্ত, বাড়ি বগুড়া জেলায়। তিনি ধর্মান্তরিত হয়ে ‘নুরুল হাসান’ নামেও পরিচয় ব্যবহার করছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, মানুষের জীবন নিয়ে প্রতারণা এবং ঝুঁকি তৈরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি এ ধরনের ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
১২০ বার পড়া হয়েছে