টাঙ্গাইলে হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলে আসন্ন হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জুর।
সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান, ডা. আবু জাফর, ডা. শিমু সাহা, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এবং সাবেক জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. সোলায়মানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় হাম ও রুবেলা প্রতিরোধ বিষয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। বক্তারা জানান, হাম ও রুবেলা ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা সাধারণত জ্বর, কাশি এবং শরীরে লাল ফুসকুড়ির মাধ্যমে প্রকাশ পায়। হামের কারণে নিউমোনিয়া, ডায়রিয়া, অন্ধত্ব ও মস্তিষ্কে জটিলতা দেখা দিতে পারে। অন্যদিকে রুবেলা গর্ভবতী নারীদের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ, যা গর্ভপাত কিংবা নবজাতকের জন্মগত ত্রুটির কারণ হতে পারে।
বক্তারা আরও বলেন, টাঙ্গাইলে বর্তমানে শিশুদের মধ্যে হাম রোগের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। গুজব প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।
জানা গেছে, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী সকল শিশুকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকা প্রদান করা হবে। প্রথম ও দ্বিতীয় সপ্তাহে কমিউনিটি পর্যায়ের ইপিআই কেন্দ্রগুলোতে এবং তৃতীয় সপ্তাহে প্রাক-প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় অধ্যয়নরত শিশুদের টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হাম ও রুবেলা প্রতিরোধে টিকা অত্যন্ত কার্যকর এবং নিরাপদ। একই সঙ্গে কোনো শিশুর মধ্যে সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
১১৫ বার পড়া হয়েছে