গাইবান্ধায় ফিলিং স্টেশনে বাইক আরোহীকে মারধর, পুলিশের উপস্থিতিতেই উত্তেজনা
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৬:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ‘কাদির এন্ড সন্স’ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে এক মোটরসাইকেল আরোহী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা দেখা যায়নি বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) দুপুরে ওই মোটরসাইকেল আরোহী পেট্রোল নিতে ফিলিং স্টেশনে যান। তেল নেওয়ার প্রক্রিয়া চলাকালেই এক কর্মীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। মুহূর্তের মধ্যেই বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে স্টেশনের কয়েকজন কর্মী একত্রিত হয়ে ওই বাইক আরোহীর ওপর হামলা চালান। তাকে কিল-ঘুষি মেরে মারধর করা হয় এবং এতে তিনি আহত হন।
ঘটনার সময় সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে তাদের সামনেই মারধরের ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে হামলা থামাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। তবে আহত ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২০১ বার পড়া হয়েছে