ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, চাঁদপুরে শোকের ছায়া
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৫:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. রফিক (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে রামপুর বাজারের পশ্চিম পাশে অবস্থিত একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক দক্ষিণ কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা এবং দুদু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন নির্মাণ কাজে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকালে প্রবাসী আনোয়ার হোসেনের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় রান্নাঘরের কাজ করছিলেন রফিক। কাজের সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালচোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, বিষয়টি জানার পর তিনি মরদেহ হস্তান্তরের প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য লিখিতভাবে আবেদন করেছেন। পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনায় নিহত রফিকের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৭১ বার পড়া হয়েছে