সোমবার থেকে চাঁদপুরে হামের টিকাদান কর্মসূচি শুরু
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৩:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুর জেলায় হামের সংক্রমণ মোকাবিলায় নতুন করে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার (২০ এপ্রিল) থেকে। জেলার সদর ও হাইমচর উপজেলায় ইতোমধ্যে গত ৫ এপ্রিল থেকে এ কার্যক্রম চালু রয়েছে। বাকি ছয়টি উপজেলায় দ্বিতীয় ধাপে এ কর্মসূচি চালু করা হবে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়। সিভিল সার্জনের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল।
তিনি জানান, সোমবার সকালে চাঁদপুর কালেক্টরেট স্কুলে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রথম ধাপে সদর, হাইমচর ও পৌর এলাকায় ১৮ এপ্রিল পর্যন্ত মোট ৬১ হাজার ৭২০ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। এই কার্যক্রম চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।
দ্বিতীয় ধাপে ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত ৬ উপজেলায় ১১ দিনব্যাপী টিকাদান কর্মসূচি চলবে। এর মধ্যে ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাকি ৮ দিন কমিউনিটি পর্যায়ে টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগের লক্ষ্য, জেলায় মোট ৭২ হাজার ৮৭৪ জন শিশুকে এই টিকার আওতায় আনা। এ লক্ষ্যে গণমাধ্যমের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৩০৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৫২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং মারা গেছে ৩ জন। বর্তমানে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১২২ বার পড়া হয়েছে