কুয়াকাটায় পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৩:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ ও নগদবিহীন লেনদেনকে উৎসাহিত করতে পটুয়াখালীর কুয়াকাটায় পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে।
রবিবার বিকেলে কুয়াকাটা চার রাস্তার মোড়ে পুবালী ব্যাংক আলীপুর উপশাখার উদ্যোগে এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় এসে শেষ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুবালী ব্যাংক আলীপুর উপশাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিম। সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো. কাজী রেজাউল ইসলাম রিয়াজ।
এসময় আরও বক্তব্য রাখেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল খানসহ অনেকে। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা পুবালী ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসারে এমন কার্যক্রমকে সময়োপযোগী বলে মন্তব্য করেন। একই সঙ্গে কুয়াকাটায় পুবালী ব্যাংকের স্থায়ী বুথ বা শাখা স্থাপনের দাবি জানান তারা।
গ্রাহকদের দাবির প্রেক্ষিতে কুয়াকাটায় একটি ইলেকট্রনিক বুথ স্থাপনের ঘোষণা দেন ব্যাংক কর্মকর্তারা।
ক্যাম্পেইনের মাধ্যমে ফ্রি ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, পুবালী ব্যাংকিং অ্যাপে রেজিস্ট্রেশন, বায়োমেট্রিক রেজিস্ট্রেশনসহ পয়েন্ট অব সেল (POS) ও কিউআর কোডভিত্তিক ডিজিটাল লেনদেন সেবা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে বলে জানান আয়োজকরা।
১১৮ বার পড়া হয়েছে