জমি নিয়ে বিরোধে কৃষকের মৃত্যু, কোটালীপাড়ায় উত্তেজনা
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৪:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে মনোতোষ ঘটক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনোতোষ ঘটক একই এলাকার সিদ্ধেশ্বর ঘটকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, খাগবাড়ী গ্রামের মনোতোষ ঘটকের সঙ্গে একই গ্রামের গৌরাঙ্গ ঘটকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) উত্তম সেন জানান, ঘটনার দিন সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে গৌরাঙ্গ ঘটক ও তার স্ত্রী পুতুল ঘটকের সঙ্গে মনোতোষ ঘটকের হাতাহাতির ঘটনা ঘটে। এতে মনোতোষ ঘটক গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান এসআই উত্তম সেন। তিনি বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় বাসিন্দা তন্ময় ঘটক জানান, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে মনোতোষ ঘটক মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তমাল অধিকারী বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে দৃশ্যমান কোনো গুরুতর আঘাতের চিহ্নও পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।
১২১ বার পড়া হয়েছে