সর্বশেষ

স্বাস্থ্য

হাম পরিস্থিতি নিয়ে প্রশ্নবানে সিভিল সার্জন, সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নের উত্তর মেলেনি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৩:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে হামের বর্তমান পরিস্থিতি ও টিকাদান কর্মসূচি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে পড়েন সিভিল সার্জন একেএম শাহাব উদ্দীন। রোববার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন জানান, জেলায় হামের ঝুঁকিপূর্ণ তিনটি উপজেলা—সদর, শিবগঞ্জ ও ভোলাহাটে বিশেষ টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। এসব উপজেলায় লক্ষ্যমাত্রার প্রায় ৯৪ শতাংশ শিশুকে ইতোমধ্যে টিকা প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় নতুন করে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। এ দুই উপজেলায় যথাক্রমে ৩৫ হাজার ৩২০ এবং ১৪ হাজার ৯৬২ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে এ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

এরপর সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে হামের বর্তমান পরিস্থিতি, মৃত্যুর সংখ্যা, তথ্য ব্যবস্থাপনা এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল হুদা অলক জেলা হাসপাতাল ও বাইরে ঘটে যাওয়া মৃত্যুর পূর্ণাঙ্গ তথ্য কেন প্রকাশ করা হচ্ছে না—এ বিষয়ে প্রশ্ন তোলেন।

সাংবাদিক জহুরুল ইসলাম জানতে চান, জেলায় এখন পর্যন্ত কতজন শিশু হামে বা হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। ফয়সাল মাহমুদ প্রশ্ন করেন, রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জে রোগীর সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও স্বাস্থ্য বিভাগ কী ধরনের বিশেষ ব্যবস্থা নিয়েছে এবং পরিস্থিতিকে জরুরি হিসেবে ঘোষণা করার প্রয়োজন আছে কি না।

আরেক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল প্রশ্ন করেন, হামের প্রকোপকে স্বীকার না করে বিষয়টি আড়াল করার কোনো চেষ্টা হচ্ছে কি না।

তবে অধিকাংশ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সিভিল সার্জন বলেন, “স্বাস্থ্য বিভাগের কিছু সীমাবদ্ধতার কারণে সব ধরনের তথ্য পাওয়া যাচ্ছে না।” তিনি আরও জানান, জেলা হাসপাতালে নতুন তিনজন চিকিৎসককে পদায়ন করা হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের জন্য পৃথক আইসোলেশন কর্নারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০