এক মাসে আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির দাম ১,৯৪০ টাকা
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে।
এবার প্রতি কেজিতে ১৭ টাকা ৬২ পয়সা বৃদ্ধি পেয়েছে। এর আগে এপ্রিলের শুরুতে প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল।
এর ফলে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ১২ কেজির সিলিন্ডারে মোট ২১২ টাকা দাম বেড়েছে।
আজ রোববার নতুন এই মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এর আগে গত মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। এপ্রিলের শুরুতে সেই দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়।
বিইআরসি জানিয়েছে, যুদ্ধের কারণে জাহাজভাড়া বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এবার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১৬১ টাকা ৬৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।
বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে থাকে। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ১২ কেজি সিলিন্ডার গৃহস্থালির কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং অনেক ক্ষেত্রে বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে বেশি নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়।
অন্যদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজি (অটো গ্যাস) প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।
২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি এলপিজির দাম নির্ধারণ করে আসছে। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো সৌদি কার্গো মূল্য (সিপি) হিসেবে এই উপাদানগুলোর দাম প্রকাশ করে।
এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির ইনভয়েস মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে কমিশন নতুন মূল্য নির্ধারণ করে থাকে।
১২৬ বার পড়া হয়েছে